চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক রফিক উদ্দিন সিদ্দিকী (৭০) পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম রফিক উদ্দিন সিদ্দিকী শাহামীরপুর গ্রামের আহম্মদ চেয়ারম্যান বাড়ির মৃত মুহাম্মদ বদিউজ্জামানের দ্বিতীয় পুত্র। তিনি কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের সাবেক সফল অধ্যাপক ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপির একজন নিবেদিতপ্রাণ ও প্রভাবশালী নেতা হিসেবেও তাঁর পরিচিতি ছিল। মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় নিজ বাড়িতে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ জে চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম. সফিউল আজম চৌধুরী এবং এ জে চৌধুরী বহুমুখী (কৃষি) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। শোকবার্তায় তারা বলেন, “অধ্যাপক রফিক উদ্দিন সিদ্দিকী ছিলেন একজন আদর্শবান শিক্ষক ও পরিচ্ছন্ন রাজনীতিক। তাঁর মৃত্যুতে সমাজ একজন জনহিতৈষী ব্যক্তিত্বকে হারালো।”
প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন