সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুর

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ১২:২২ পিএম
সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুর

সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে দুর্ধর্ষ চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ৮ এপ্রিল রাতের আঁধারে শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কস্থ অফিসে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে প্রতিষ্ঠিত শহীদ ক্যাপ্টেন মৃধা শামসুল হুদা সড়কস্থ সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়টি দীর্ঘদিন ধরে নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগেও সংগঠনটির ওপর কুচক্রী মহলের লোলুপ দৃষ্টি পড়ে। অভিযোগ রয়েছে, একসময় কিছু সন্ত্রাসী চক্র অফিসের পেছনে টর্চার সেল ও মাদকের আড্ডা গড়ে তোলে। সাংবাদিকদের উপস্থিতির কারণে তাদের অপরাধমূলক কার্যক্রমে বাধা সৃষ্টি হওয়ায় একাধিকবার অফিসটি সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়।

পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন হলেও এলাকায় মাদক কেনাবেচা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে ওই এলাকায় চুরি-ছিনতাই বেড়েছে বলে স্থানীয়রা জানান।

৮ এপ্রিল গভীর রাতে সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির অফিসে আবারও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। শহরের প্রাণকেন্দ্রে এমন ঘটনার ফলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুর্বৃত্তরা প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় ৭০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়া তারা বারান্দার অ্যাঙ্গেল ও টিন খোলারও চেষ্টা চালায়।

এ ঘটনায় সৈয়দপুর রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক এম আর আলী টুটুল বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এএন