লালমনিরহাটের পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জগতবাড়ী দাখিল মাদ্রাসা ও এলাকাবাসির উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী এবং রাজনৈতিক ব্যক্তিরা অংশ নেন।
রোববার সকাল ১১টায় উপজেলার জগতবাড়ী ইউনিয়নের ভেরভেরিরহাট-পাটগ্রাম আঞ্চলিক সড়কে প্রায় এক ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত ০২ এপ্রিল বিকেলে ওই দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী বাড়ি ফেরার পথে ওই ইউনিয়নের শুকুরেরটারী এলাকার মোজাম্মেল হকের ছেলে শাওন মিয়া (২০), সফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২০) ও সামিউল ইসলামের ছেলে সুমন মিয়া (২১) ছাত্রীর পথরোধ করে জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ ওঠে।
ঘটনার প্রতিবাদ করায় ছাত্রীর বাবার ওপর হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় থানা পুলিশ। দায়েরকৃত মামলার মূল আসামিসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জগতবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান মিলন, মাদ্রাসার সুপারিনটেনডেন্ট কাজি আনোয়ার হোসেন, অভিভাবক বজলার রহমান, এলাকাবাসী শাহীনুর রহমান, শিক্ষার্থী সুবর্ণা আক্তার ও হাবীবা সুলতানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রধান আসামি ও অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করা না হলে এলাকাবাসীসহ সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে রাজপথে আন্দোলন করা হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন