কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহরের মাইজহাটি এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলেরঘাট উপশহরের মাইজহাটি এলাকায় আব্দুল কাদিরের তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গুদামের মালিক আব্দুল কাদির জানান, প্রতিদিনের মতো তার ছেলে ও কর্মচারীরা গুদামে কাজ করছিলেন। একপর্যায়ে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অন করতেই আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
স্থানীয় লোকজনের সহযোগিতায় পাকুন্দিয়া, কটিয়াদী ও কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মোমেন মোরশেদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি করেছেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন