সুন্দরবনে কাঁকড়া শিকারে গিয়ে বনদস্যুদের গুলিতে আতিয়ার রহমান (৬৫) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখে এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত মান্দার গাজীর ছেলে।
জেলেরা জানান, সকালে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এ সময় হঠাৎ বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে নিকটবর্তী নিরাপদ স্থানে নিয়ে আসে।
এ ঘটনায় স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত বনদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বুড়িগোয়ালিনী এলাকার জেলে আতিয়ার রহমান আমাদের অফিসে আসেন। তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং শ্যামনগর থানা পুলিশ ও কোস্ট গার্ডকে বিষয়টি জানানো হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, আমরা বনদস্যু নির্মূলে তৎপর আছি। যৌথ অভিযানের জন্য সকলের সঙ্গে কথা হচ্ছে, দ্রুত যৌথ অভিযান চালানো হবে। আহত জেলের খোঁজখবর নেয়ার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন