পানি সংকট নিরসনে লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৬, ০৪:১০ পিএম
পানি সংকট নিরসনে লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপন

রাঙ্গামাটির লংগদু উপজেলায় দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। 

মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর এলাকায় লংগদু সেনা জোনের তত্ত্বাবধান ও ইউএনডিপি-এর সহায়তায় একটি গভীর নলকূপ স্থাপনের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

লংগদু জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এই কার্যক্রমের উদ্বোধন করেন ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত। স্থানীয় জনগণের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিতকরণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই গভীর নলকূপটি স্থাপনের ফলে রসুলপুর এলাকার প্রায় ১২০টি পরিবার সরাসরি উপকৃত হবে। এটি অত্র অঞ্চলের জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে ক্যাপ্টেন রাফিউল হাসান রাফাত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সুপেয় পানির সঠিক ব্যবহার এবং নলকূপটির দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে পাহাড়ের দুর্গম এলাকায় গভীর নলকূপ স্থাপনসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই জনহিতকর কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং সেনাবাহিনী ও সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করছে।

জেএইচআর