ভেড়ামারায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০২:৩৩ পিএম
ভেড়ামারায় ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কুষ্টিয়ার ভেড়ামারায় ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানকে সামনে রেখে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে পাট, রোপা আউশ, মুগ ও তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কৃষি প্রণোদনা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বুধবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক জানবার আলী, উপজেলা জামায়াতের আমির জালাল আহমেদ এবং সহ-সম্পাদক তারিক ইসলাম। এছাড়াও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ২০৫০ জন সুফলভোগী কৃষকের মাঝে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৫০০ জন কৃষককে পাটের বীজ, ১৪২০ জনকে রোপা আউশ, ৩০ জনকে মুগ ডাল এবং ৫০ জন কৃষককে তিলের বীজ দেওয়া হয়। বীজের পাশাপাশি আউশসহ অন্যান্য ফসলের জন্য পরিমাণমতো ডিএপি ও এমওপি সার বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, কৃষিবান্ধব নীতি বাস্তবায়নের মাধ্যমে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সঠিক সময়ে বীজ ও সার সরবরাহ করার ফলে প্রান্তিক চাষীরা আবাদি জমির পরিমাণ বাড়াতে উৎসাহিত হবেন।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মাহমুদা সুলতানা আশা প্রকাশ করেন যে, কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে আবাদ করে কৃষকরা এ মৌসুমে লাভবান হবেন। এ প্রণোদনা উপজেলার ফসলি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেএইচআর