শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল।
বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কর্তৃক প্রকাশিত ১১১টি কেন্দ্রের ফলাফলে এই তথ্য জানা গেছে। এই আসনে মোট কেন্দ্র সংখ্যা ১২৮টি।
বেসরকারি ফলাফল অনুযায়ী, মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৫৯৬ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪১ হাজার ৫৬৩ ভোট। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে রুবেল ১ লাখ ২৬ হাজার ৩৩ ভোটে এগিয়ে আছেন।
এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ১২ ফেব্রুয়ারি সারাদেশে জাতীয় নির্বাচন হলেও এক প্রার্থীর আকস্মিক মৃত্যুর কারণে এই আসনে ভোট স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার পুনর্নির্ধারিত দিনে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং গড়ে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ চলাকালে দু-একটি স্থানে অনিয়মের চেষ্টা হলেও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে বাকি কেন্দ্রগুলোর ফলাফল গণনার কাজ চলছে, তবে ব্যবধান অনেক বেশি হওয়ায় রুবেলের জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন