পানিসম্পদ প্রতিমন্ত্রী

কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় প্রভাব থাকবে না

মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৪:২৮ পিএম
কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় প্রভাব থাকবে না

কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তরা দল-মত নির্বিশেষে সরকারের সহায়তা পাবে।

শনিবার দুপুরে পঞ্চগড়ের বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকার দুই হাজার কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করবেন। কার্ডধারী নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, “কারা এই কার্ড পাবেন তা আমি নিজেও জানি না। কৃষি মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন তিন স্তরে যাচাই-বাছাই করে প্রকৃত প্রাপকদের নির্ধারণ করেছে।”

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্য ব্যক্তিদের এই কার্ড দেওয়া হবে। দেশের চার কোটি পরিবারের গৃহিণীদের এই কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে এবং আগামী দুই-আড়াই মাসের মধ্যে সারাদেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

তরুণ সমাজকে মাদক থেকে রক্ষার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নেশার ছোবল থেকে আগামী প্রজন্মকে বাঁচাতে প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দল-মত নির্বিশেষে প্রত্যেক সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, কালবৈশাখী ঝড় বা শিলাবৃষ্টি যেমন দল-মত বোঝে না, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এই সহায়তাও তেমনি কোনো দলীয় দৃষ্টিভঙ্গি ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। এছাড়া ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নগদ দুই হাজার টাকা ও শুকনো খাবার, ১৩০টি পরিবারকে ঢেউটিন ও নগদ তিন হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল তুলে দেন।

জেএইচআর