মাদারীপুরে অটোরিকশা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৫:০৯ পিএম
মাদারীপুরে অটোরিকশা চোরচক্রের ২ সদস্য গ্রেপ্তার

মাদারীপুরে অটোরিকশা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার (১১ এপ্রিল) জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডাসার থানার পশ্চিম মাইজপাড়া গ্রামের বেলায়েত কবিরাজের ছেলে মো. পলাশ কবিরাজ (৩০) এবং কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার মামুদপুর গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মো. খাইরুল ইসলাম (২৮)। পলাশ মাদারীপুর শহরের এস্কেন পট্টি এবং খাইরুল পখিরা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

জেলা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় গোয়েন্দা শাখার একটি চৌকস দল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে অটোরিকশা চুরির সাথে সরাসরি জড়িত এই দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, চোর, মাদক কারবারি, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ সকল অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

জেএইচআর