দেশজুড়ে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার সকালে নগরভবন প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহাসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিটি প্রশাসক বলেন, হামের বিস্তার রোধে সচেতনতার পাশাপাশি টিকার কোনো বিকল্প নেই। তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এবারের বিশেষ কর্মসূচির আওতায় নগরীর মোট ৫৮ হাজার ৬৬৮ জন শিশুকে হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে নগরীর বিভিন্ন পয়েন্টে ৭০টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। শিশুদের এই মরণঘাতী রোগ থেকে বাঁচাতে টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকেই অভিভাবকদের ভিড় লক্ষ করা গেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন