কালীগঞ্জে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:১৪ পিএম
কালীগঞ্জে র‍্যাবের অভিযানে মাদকসহ ২ জন গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জে র‍্যাব-১৩’র মাদকবিরোধী অভিযানে লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলের ভাতিজা ইলিয়াছ হোসেন ওরফে লিটন (৪৮) ও তার সহযোগী আমিনুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার র‍্যাব-১৩’র এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার বিকেলে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এমপির ভাই আলহাজ মফিজ উদ্দিনের ছেলে ইলিয়াছ হোসেন লিটনের বসতবাড়ির গোয়ালঘর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা ২০ বোতল নিষিদ্ধ এসকাফ সিরাপ জব্দ করা হয়। এই ঘটনায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগে লিটন ও তার সহযোগী আমিনুর রহমানকে গ্রেফতার করা হয়।

অভিযান শেষে জব্দকৃত আলামতসহ আসামিদের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। র‍্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

জেএইচআর