টাঙ্গাইলে একটি পেট্রোল পাম্পে বোতলে তেল বিক্রির দৃশ্য ধারণ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। এ সময় তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল পৌর শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোম্পানি নামের একটি পাম্পে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক নাঈম খান রাব্বি, টাঙ্গাইল জেলা স্টার নিউজের প্রতিনিধি। তিনি জানান, পাম্পে দীর্ঘ সারি দেখে তিনি সেখানে যান এবং নিয়ম ভেঙে বোতলে তেল বিক্রি হচ্ছে বলে দেখতে পান। পরে ভিডিও ধারণ শুরু করলে এক ব্যক্তি তার ওপর চড়াও হয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হুমকি দেয়।
তিনি আরও জানান, সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্তা করা হয়।
এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকরা অভিযোগ করেন, ২–৩ ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না। অথচ পাম্পে বোতলে তেল বিক্রি করায় সাধারণ গ্রাহকদের ভোগান্তি আরও বেড়েছে। তারা এ ধরনের অনিয়ম বন্ধের দাবি জানান।
এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন