মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৯:১৩ পিএম
মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে ছাত্রীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার  বিকেল ৫টার দিকে পৌর শহরের খাদ্যগুদাম সংলগ্ন শিয়ালজানি খালের সেতুর ওপর দাঁড়িয়ে তারা স্কুল-কলেজের ছাত্রীদের টিটকারিমূলক মন্তব্য করে হয়রানি করছিল। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পাবইপাড়া গ্রামের সৈয়দ আজিজুল হক চৌধুরীর ছেলে সৈয়দ মাকসুদুল হক চৌধুরী সিয়াম (২২) এবং পৌর শহরের টেংগাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুনেল মিয়া (২৩)।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রীদের ইভটিজিং করার সময় তাদের আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। আগামীকাল সকালে তাদের কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

এএন