নেত্রকোণায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, ৪০ হাজার টাকা অর্থদণ্ড

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৫:০৩ পিএম
নেত্রকোণায় ৩১০০ লিটার ডিজেল জব্দ, ৪০ হাজার টাকা অর্থদণ্ড

নেত্রকোণা জেলা প্রশাসন সদর উপজেলার ঠাকুরাকোনা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩১০০ লিটার ডিজেল জব্দ এবং অবৈধভাবে ডিজেল মজুদ করায় দুই দোকান মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা বাজারের মেসার্স সংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ৩১০০ লিটার ডিজেল মজুদ করায় তা সরকারের অনুকূলে জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২,৯৫,০০০ (দুই লক্ষ পঁচানব্বই হাজার) টাকা।

এ সময় মোবাইল কোর্টের বিজ্ঞ বিচারক নেত্রকোণা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে দুই দোকান মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

তিনি আরও জানান, নেত্রকোণা জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

এএন