বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বরিশাল ব্যুরো প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৫:০৫ পিএম
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

বরিশাল নগরের প্রাণকেন্দ্র সদর রোডে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

শুক্রবার জুমার নামাজ শেষে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পুলিশ হত্যার বিচারের দাবিতে এই মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে বিবির পুকুর এলাকা থেকে প্রায় ৩০ জনের একটি দল মিছিলটি শুরু করে। মিছিলকারীরা কাকুলীর মোড় হয়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে দিয়ে অগ্রসর হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশেরই মুখ মাস্ক ও কালো কাপড়ে ঢাকা ছিল এবং চোখে চশমা থাকায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।

বিক্ষোভকারীরা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ব্যানার বহন করছিলেন। সেখানে দলের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার দ্রুত বিচারের দাবি জানানো হয়। সড়কে কিছুক্ষণ অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার পরপরই মিছিলটি দ্রুত পার্শ্ববর্তী গলিগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরের মদদে এই ঝটিকা কর্মসূচির আয়োজন করা হয়।

এই আকস্মিক মিছিলকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম থাকলেও পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম জানান, “জুমার নামাজের পর নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় কর্মী একটি ঝটিকা মিছিল করার চেষ্টা করেছে। পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। মিছিলকারীদের চিহ্নিত করতে পুলিশ তৎপর রয়েছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।” বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

জেএইচআর