ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ১২:৫৯ পিএম
ঘাটাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার নিহত

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার হামিদপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাসের সুপারভাইজার আতিকুল ইসলাম (৪০) ও হেলপার মজনু মিয়া (৪৩)। আতিকুল ইসলাম গোপালপুর উপজেলার মনতলা গ্রামের লাল মামুদের ছেলে এবং মজনু মিয়া একই উপজেলার পাকুয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

ঘাটাইল থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার ও হেলপার প্রাণ হারান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ঘাটাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার অভিযান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর সড়কে কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক ও সহকারী পলাতক রয়েছে।

বর্তমানে ঘাটাইল এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয়রা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্কতামূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

জেএইচআর