ফেনীতে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক রোমেন শর্মা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন সুলতানা কান্তা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, বর্তমানে দেশে হাম রোগের প্রাদুর্ভাব ও মৃত্যুহার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে জেলার প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে। এটি সফল হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ পাবে।
অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের টিকার আওতায় আনতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতে শিশুদের এই টিকা প্রদান করা হবে। টিকাদান কার্যক্রম সফল করতে জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন