রাঙামাটির রূপনগরে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি এলাকাবাসীর

রাঙামাটি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৭:৩৯ পিএম
রাঙামাটির রূপনগরে উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবি এলাকাবাসীর

রাঙামাটি শহরের রূপনগর এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটি শহরের রূপনগর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপনগর এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কয়েক দশক ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন। এই এলাকা শুধু তাদের বসবাসের স্থান নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও জীবিকা নির্বাহের প্রধান কেন্দ্র। তবে সম্প্রতি কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।

বক্তারা বলেন, হঠাৎ উচ্ছেদ কার্যক্রম শুরু হলে শত শত নারী, শিশু ও বৃদ্ধ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং শ্রমজীবী মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ সম্মেলন থেকে এলাকাবাসী কয়েকটি দাবি তুলে ধরেন।

বসবাসকারী মালেক কামরুল, হোসেন ও ইসমাইল জানান, “আমরা ক্রয়সূত্রে মালিক। আমাদের পুনর্বাসন নিশ্চিত ও স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।”

এছাড়া রূপনগর সচেতন সমাজ কমিটির পক্ষে হাবিবুর রহমান, মো. তাজুল ইসলাম তাজ, রুশন আরা, আব্দুল হালিম, আলমগীর হোসেন, কামরুল ও আব্দুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধিদল রাঙামাটি জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন। জেলা প্রশাসক নাজমা আশরাফী তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এএন