“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদুর রহমান বলেন, “সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিসম্মত খাবারের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার জনস্বাস্থ্য উন্নয়নে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমাদের সবাইকে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে এবং ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
অনুষ্ঠানে জানানো হয়, সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক কার্যক্রম, পুষ্টি বিষয়ক আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ের বাসিন্দাদের জন্য পুষ্টি পরামর্শ প্রদান ও একটি এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমা, উপজেলা স্বাস্থ্য বিভাগের ডা. রুপন দে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা দৈনন্দিন খাদ্যতালিকায় সুষম খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা পর্যায়ে পুষ্টি খাতে সরকারের গৃহীত কার্যক্রম, অগ্রগতি ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায় এবং শিশু পুষ্টি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া আগামী ২৬ এপ্রিল মাটিরাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন