ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৩০ পিএম
ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেললাইনের ওপর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাহিরচর ইউনিয়নের বাঁকা পুল সংলগ্ন এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে রেললাইনের ওপর একজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ভেড়ামারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও নিহতের পকেটে থাকা একটি মানিব্যাগ থেকে একটি পরিচয়পত্র পাওয়া যায়। ওই কার্ডের তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাদারীপুর অঞ্চলের বাসিন্দা।

রেলওয়ে সংক্রান্ত ঘটনা হওয়ায় পরবর্তীতে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) পুলিশকে বিষয়টি জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে এবং মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পোড়াদহ রেলওয়ে পুলিশ জানায়, নিহতের সঠিক পরিচয় নিশ্চিত করতে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। এটি কোনো দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেএইচআর