মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নে মায়ের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আল রাফি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর ২ ঘটিকায় উপজেলার বীর সিংজুরি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আল রাফি ওই গ্রামের লেবানন প্রবাসী লুৎফর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ দুপুরে আল রাফি তার মা পপি আক্তারের সাথে বাড়ির অদূরে গৌর দত্তের পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে মায়ের অগোচরেই রাফি গভীর পানিতে তলিয়ে যায়। মা পপি আক্তার মনে করেছিলেন তার ছেলে হয়তো গোসল শেষে আগেই বাড়ি চলে গেছে। কিন্তু বাড়ি ফিরে ছেলেকে না পেয়ে তিনি পুনরায় পুকুরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে রাফিকে উদ্ধার করা হয়।
দ্রুত তাকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন