নরসিংদীর ঘোড়াশালে বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ লাখ টাকা মূল্যের তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার লুট করে নিয়েছে একটি চক্র।
রোববার ভোর সাড়ে ৪টায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের অধীনস্থ ভাগদী ৩৩/১১ কেভি লাইনের ২০ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে এই ঘটনা ঘটে। চলতি লাইন থেকে এসব তার কেটে নেওয়ার ফলে পলাশ উপজেলার ভাগদী, রাজাবোসহ ৫টি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রোববার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে তিনটি মোটরসাইকেলে আসা ৫/৬ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়। এতে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও পুলিশকে খবর দেয়।
পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুতই অপরাধীদের ধরার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন