জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০২:৫৩ পিএম
জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবসের প্রস্তুতি সভা সম্পন্ন

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আগামী ১ মে মহান মে দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন। 

এছাড়াও খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক অসীম কুমার বিশ্বাস, চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা এবং জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতির অগ্রগতিতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। শ্রমিকদের কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জাতীয় উৎপাদনশীলতা আরও বৃদ্ধি পাবে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচিগুলো যাতে ফলপ্রসূ হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় মে দিবস ও পেশাগত স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। দিবসটি সফলভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর