বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)-এর পৃষ্ঠপোষকতায় জয়পুরহাটে শুরু হয়েছে ‘কিউট জেলা নারী হ্যান্ডবল লিগ-২০২৬’।
সোমবার সকালে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এই লিগের আনুষ্ঠানিক উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব-উন-নবী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটির যুগ্ম সদস্য সচিব ও টুর্নামেন্ট সমন্বয়কারী সাঈদ আহমেদ।
এছাড়াও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন এবং মাহবুব মুর্শেদুল আলম লেবুসহ স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে জয়পুরহাট মাস্টারপাড়া উচ্চ বিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে কেটি স্পোর্টিং ক্লাব। এবারের লিগে জেলার মোট ১৬টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চার গ্রুপের শীর্ষ চারটি দল নিয়ে সুপার লিগ অনুষ্ঠিত হবে। সুপার লিগে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল আগামী শনিবার শিরোপা জয়ের লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হবে।
টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই লিগের পর্দা নামবে। নারী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন এবং লিগের সার্বিক মানোন্নয়নে কিউটের এই পৃষ্ঠপোষকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন