পূবাইলের করমতলায় ৫০টির বেশি পরিবার পানিবন্দী

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৩১ পিএম
পূবাইলের করমতলায় ৫০টির বেশি পরিবার পানিবন্দী

গাজীপুর মহানগরীর পূবাইলে অর্ধশতাধিক পরিবার দীর্ঘ সময় ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনের সুনির্দিষ্ট ব্যবস্থা ও চলাচলের পথ না থাকায় করমতলা এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

সোমবার সকালে ৪২নং ওয়ার্ডের করমতলা এলাকায় সরেজমিনে দেখা যায়, বসতবাড়ির চারদিকে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় শিশু ও বৃদ্ধসহ সকল বয়সের মানুষকে নোংরা পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে এলাকার অনেক পরিবার নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র ভাড়া বাসায় চলে গেছেন। যাতায়াতের রাস্তা না থাকায় আগুন লাগলে ফায়ার সার্ভিস কিংবা মুমূর্ষু রোগীর জন্য অ্যাম্বুলেন্স প্রবেশের কোনো সুযোগ নেই।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, এখানে প্রায় ৭০-৮০টি পরিবারের বসবাস থাকলেও নাগরিক সুবিধা থেকে তারা বঞ্চিত। এলাকাটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতেই অনেকের ঘরে পানি ঢুকে পড়ে।

তিনি অভিযোগ করেন, ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে জমি ভরাট এবং একমাত্র ড্রেনটি অসাধু চক্র বন্ধ করে দেওয়ায় এই কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, বাড়ি থেকে মূল সড়কে উঠতে গেলে কোমরপানি ভেঙে যেতে হয়। যাতায়াত বিচ্ছিন্ন হওয়ায় আমাদের ঘরের কাজও বন্ধ হয়ে আছে।

ভুক্তভোগীরা জানান, সিটি কর্পোরেশনের সকল কর ও নিয়ম পালন করলেও তারা নূন্যতম সুযোগ-সুবিধা পাচ্ছেন না। রান্নার জায়গা তলিয়ে যাওয়ায় অনেক পরিবারকে আধপেটা খেয়ে দিন পার করতে হচ্ছে। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা চালু করা এবং পানি চলাচলের পথ যারা বন্ধ করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জেএইচআর