পোরশায় ৫০০ পিস মাদকসহ মোটরসাইকেল জব্দ, একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৪:২৩ পিএম
পোরশায় ৫০০ পিস মাদকসহ মোটরসাইকেল জব্দ, একই পরিবারের ৩ জন গ্রেপ্তার

নওগাঁর পোরশায় ৫০০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি পালসার মোটরসাইকেলসহ একই পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের ফকিরের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক ও অপরাধ দমনে সারাইগাছি রোডে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত আনুমানিক ৮টা ১০ মিনিটের দিকে ফকিরের মোড় থেকে ১০০ গজ উত্তরে পাকা রাস্তার ওপর সাপাহারগামী একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে পোরশা থানা পুলিশ। তল্লাশি চালিয়ে মোটরসাইকেল আরোহীদের কাছে থাকা তিনটি সাদা ব্যাগ থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাপাহার উপজেলার আলমডাঙ্গা গ্রামের মো. শাওন শেখ (২৪), তাঁর মা মোছা. রিক্তা বেগম (৪০) এবং শাওনের স্ত্রী মোছা. রুবিনা (২২)। এসময় তাঁদের সাথে একটি শিশুও ছিল।

পোরশা থানা পুলিশ জানায়, শাওন শেখ দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের ব্যবহার করে কৌশলে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর