‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর আদালত চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আহসান তারেক।
সভায় বক্তারা বলেন, সরকারি খরচে অসহায় মানুষদের বিচারিক সহায়তা প্রদান করা হচ্ছে। তবে এই কার্যক্রমের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও ব্যাপক প্রচার প্রয়োজন।
তাঁরা উল্লেখ করেন, লিগ্যাল এইডের মাধ্যমে আইনি পরামর্শের পাশাপাশি বিচারিক প্রক্রিয়া শুরুর আগেই আপস-নিষ্পত্তি করা সম্ভব। সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে এই সুবিধার বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এবং জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মাহবুবুর রহমান।
এছাড়াও জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ও অতিরিক্ত জেলা প্রশাসক নিশাত শারমিনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন