পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থসামাজিক কর্মসূচির আওতায় দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পলাশপুর জোন সদরে আর্থিক অনুদান এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচির সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
উক্ত কর্মসূচির আওতায় পলাশপুর জোনের বিশেষ মানবিক সহায়তায় ১টি দুঃস্থ পরিবারকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান, ১টি বাঙালি পরিবারকে পাইপসহ নলকূপ প্রদান, ১টি পাহাড়ি দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল করতে ১টি সেলাই মেশিন উপহার, ১টি অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান, ১টি অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ২ বান্ডিল ঢেউটিন উপহার প্রদান করা হয়।
এছাড়াও ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল উপহার, ১টি শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আর্থিক অনুদান, ১টি শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রদের জন্য ৮টি চারপাই উপহার প্রদান, ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১০ বস্তা সিমেন্ট প্রদান, ১টি এতিমখানার ছাত্রদের জন্য ১০০ কেজি চাল প্রদান, ১টি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে ৪,০০০ টাকা আর্থিক অনুদান এবং ১টি কবরস্থানের ছাউনি নির্মাণের জন্য ২৩,০০০ টাকার নির্মাণ সামগ্রী প্রদান করা হয়।
সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ১,০০,০৫০ (এক লক্ষ পঞ্চাশ) টাকার মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়, যার মধ্যে ২টি পাহাড়ি পরিবার, ২টি বাঙালি পরিবার এবং ১০টি সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।
একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধাবঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। উক্ত ক্যাম্পেইনে দেড় শতাধিক গরিব ও দুঃস্থ জনসাধারণকে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দুঃস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ি জনপদের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের পাশে থাকবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন