মহান মে দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের জোরপুকুরপার মোড়ে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে খেটে খাওয়া মানুষের মাঝে বিশেষ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।
শুক্রবার সকালে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ান ক্লাবের সদস্যরা।
অনুষ্ঠানে ভিক্ষুক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, বয়স্ক রিকশা ও অটোরিকশা চালকসহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তরমুজ ও পানীয় জুস বিতরণ করা হয়। একই সঙ্গে আসন্ন বর্ষা মৌসুমের কথা বিবেচনা করে বয়স্ক রিকশাচালকদের মাঝে রেনকোট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট এবং নাক-কান-গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আমিরুল ইসলাম। তিনি উল্লেখ করেন, মহান মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে এই মানুষের অবদান অপরিসীম। রোটারি ক্লাব অব ভাওয়াল সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে এবং সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, বয়স্ক রিকশাচালকদের জন্য রেনকোট বিতরণ একটি সময়োপযোগী উদ্যোগ, যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে। সমাজের সকল বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট ও প্রোগ্রাম চেয়ার রোটারিয়ান এস কে শফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মো. সামছুল আলম শিবলী এবং রোটারি ক্লাব অব ভাওয়ালের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ইকরামুল কবির উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সেক্রেটারি মাহমুদুর রহমান পলাশ।
মানবিক এই উদ্যোগটি উপস্থিত সবার প্রশংসা কুড়ায় এবং উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা সক্রিয়ভাবে কার্যক্রমে অংশগ্রহণ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন