যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুড়িগ্রামে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে এবং আঞ্চলিক শ্রম দপ্তর, রংপুরের সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির শুরুতে কুড়িগ্রাম বিজয় স্তম্ভ প্রাঙ্গণে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদার সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথিরা শ্রমিকদের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (কুড়িগ্রাম সার্কেল) মো. মাসুদ রানা। এছাড়াও বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান এবং জেলা ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আয়নাল হকসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে কর্মক্ষেত্রে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করাকে সময়ের দাবি হিসেবে উল্লেখ করেন।
আলোচনা সভা শেষে বিজয় স্তম্ভ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন