‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ফরিদগঞ্জ উপজেলা শ্রমিকদল, পৌর শ্রমিকদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল মিয়া জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন ও সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান পাটোয়ারী। এছাড়াও পৌর শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম পিঙ্কু এবং সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া সভায় বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে পেশাগত স্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকদের অপরিসীম অবদানের কথা স্মরণ করে তাদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন