রাজস্থলীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

সুমন খান, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রকাশিত: মে ১, ২০২৬, ০৫:১১ পিএম
রাজস্থলীতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির রাজস্থলীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ পালিত হয়েছে। 

শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিনা আক্তার। সভায় বক্তারা শ্রমিকের অধিকার রক্ষা এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ এবং উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ। এছাড়াও রাজস্থলী থানার এসআই মোঃ জয়নাল আবেদিনসহ রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সভায় রাজস্থলী প্রেসক্লাবের গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তারা দেশের সমৃদ্ধিতে শ্রমিকদের অবদানের কথা স্বীকার করে তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

জেএইচআর