মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরে ১০ জন আহত অটোরিকশা চালক ও নিহত শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের পালবাজার সংলগ্ন নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতু এলাকায় আনুষ্ঠানিকভাবে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আজ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। আমি নিজেও একজন শ্রমিক। আপনি মজুরি পান, আর আমি পাই বেতন, আমরা সকলেই শ্রমিক। কেউ মানসিক শ্রম দেয়, আবার কেউ শারীরিক শ্রম দেয়।
পৌর প্রশাসক আরও বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না এবং নির্ধারিত স্ট্যান্ডের বাইরে গাড়ি রাখা যাবে না। শ্রমিকদের সুবিধার্থে আগামী রোববার থেকে পৌর এলাকার স্ট্যান্ডগুলোতে টয়লেট ও পরবর্তীতে বিশ্রামাগার নির্মাণের আশ্বাস দেন তিনি। ভবিষ্যতে চাঁদপুর পৌরসভা থেকে আহত ও নিহত শ্রমিক পরিবারকে আরও সহায়তা প্রদানের চেষ্টা করা হবে বলেও তিনি জানান।
চাঁদপুর পৌরসভার অটোরিকশা টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ)। আহত অটোরিকশা চালকদের পক্ষে বক্তব্য দেন মুসলিম খান, মানিক খান ও জসিম মেহেদী।
অনুষ্ঠানে চাঁদপুর পৌরসভার বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সবশেষে ১০ জন আহত অটোরিকশা চালক ও নিহত পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন