‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটির কর্মসূচির অংশ হিসেবে রাত ৮টায় পোগলদিঘা ইউনিয়নের আরাকান্দি একুশে মোড়স্থ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়নের প্রয়াত সাতজন শ্রমিক সদস্য-দুলাল মিয়া, আব্দুস সাত্তার প্রমাণিক, আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, জামাল উদ্দিন, আপেল মাহমুদ ও আখতার হোসেনের পরিবারের মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে সংগঠনের নবায়ন ও নতুন সদস্যদের মাঝে সদস্য কার্ডও বিতরণ করা হয়।
সরিষাবাড়ী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশিদ ফকির ও চান মিয়া চানু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ এবং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের পরিবারের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন