এনবিআইইউতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৩:২৫ পিএম
এনবিআইইউতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত

রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ডেমোক্রেসি প্র্যাকটিস সেন্টার (ডিপিসি)-এর যৌথ উদ্যোগে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; বরং দক্ষতা, নেতৃত্বগুণ ও বাস্তব অভিজ্ঞতা সমান গুরুত্বপূর্ণ। তরুণদের যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

রাসিক প্রশাসক তাঁর বক্তব্যে গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে রাজশাহীর অর্জিত সুনামের কথা স্মরণ করেন। তিনি বলেন, রাজশাহী নগরীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও ফুলের নগরীতে পরিণত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে কুইজ ও মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন এনবিআইইউ-এর উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে ডেমোক্রেসি প্র্যাকটিস সেন্টারের (ডিপিসি) নতুন নামও উন্মোচন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম মকসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মাহমুদুর রহমান এবং সম্মানিত অতিথি ছিলেন প্রফেসর ড. ফারহাত তাসনিম। 

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা আখতারের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। এ সময় এনবিআইইউ ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর