মেহেরপুরের মুজিবনগর উপজেলার প্রভাবশালী অনলাইন জুয়ার এজেন্ট এবং সাইবার সুরক্ষা আইনের একাধিক মামলার পলাতক আসামি আখতারুজ্জামান ফিলসনকে (৪৭) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দুপুরে মুজিবনগরের কোমরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কোমরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফিলসনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের দুটি মামলাসহ একটি রাজনৈতিক মামলা রয়েছে। মামলার নথি অনুযায়ী, তিনি আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশ-বিদেশে অর্থ পাচার এবং বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করতেন। এছাড়া ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে সাধারণ মানুষকে দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে জুয়ার ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছিল।
এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ডিবি পুলিশ ফিলসনের বাড়িতে অভিযান চালালে তিনি বাড়ির ছাদের পানির ট্যাংকের ভেতর ডুব দিয়ে আত্মগোপন করে পুলিশকে বিভ্রান্ত করে পালিয়ে যান। দীর্ঘদিন পলাতক থেকেও তিনি গোপনে তার অনলাইন জুয়া ও মানি লন্ডারিং কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ডিবির ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, গ্রেপ্তারের সময় ফিলসনের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফোনগুলোর ফরেনসিক পরীক্ষার পর যদি নতুন কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে আরও মামলা দায়ের করা হবে। বর্তমানে তাকে আগের মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ফিলসন পলাতক আওয়ামী লীগ নেতা ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমান হোসেন মিলুর সঙ্গে পাট ব্যবসায় অংশীদারিত্ব গড়ে তুলেছিলেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন