কারামুক্ত হয়ে জেলগেটেই ফের গ্রেফতার আ.লীগ নেত্রী

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৮, ২০২৬, ১১:০১ পিএম
কারামুক্ত হয়ে জেলগেটেই ফের গ্রেফতার আ.লীগ নেত্রী

মাগুরা জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সোনিয়া সুলতানা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেলেও শেষ পর্যন্ত কারামুক্ত হতে পারেননি।

শুক্রবার সকালে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা সদর থানায় দায়ের করা একটি মামলায় গ্রেফতার হয়ে জেলা কারাগারে ছিলেন কাজী সোনিয়া সুলতানা। পরে হাইকোর্ট থেকে তিনি জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর শুক্রবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটে অবস্থানরত পুলিশ সদস্যরা তাকে আবারও আটক করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, কাজী সোনিয়া সুলতানাকে একটি নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এম জি