দেশের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সোসাইটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়েছে।
রোববার জাতীয় উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. তরিকুল আলমের সঙ্গে এক বিশেষ আলোচনা সভার মাধ্যমে এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়।
দেশের বিভিন্ন প্রান্তের প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। নবগঠিত এমপিওভুক্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সোসাইটির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অধিকার রক্ষা, পেশাগত উন্নয়ন, বৈষম্য দূরীকরণ ও ঐক্য বজায় রাখা।
১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী নবকমিটিতে রয়েছেন সভাপতি মোসা. তাহমিনা পারভীন, সিনিয়র সহ-সভাপতি আবুল শাহনেওয়াজ, সহ-সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক মো. মুনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফরোজা খানম, কোষাধ্যক্ষ গোলাম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা ফারহানা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এস এম হাছিনুর রহমান, নির্বাহী সদস্য-১ মোছা. হালিমা বেগম এবং নির্বাহী সদস্য-২ মোছা. আজমেরী হোসেন।
নবগঠিত কমিটির সভাপতি মোসা. তাহমিনা পারভীন বলেন, “আমরা সমাজের সবচেয়ে অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করি, অথচ আমাদের শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধার বিষয়টি অবহেলিত হয়ে আড়ালে থেকে যায়। আমাদের দীর্ঘদিনের পেশাগত জটিলতা নিরসন এবং সারাদেশের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের নিরবচ্ছিন্নভাবে সংগঠনে অংশগ্রহণের জন্য এই সংগঠন সৃষ্টি করা হয়েছে।”
আগামীতে দ্রুত সময়ের মধ্যে কার্যনির্বাহী কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে স্মারকলিপি প্রদান করবে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন