কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে চারটি নতুন ইনস্টিটিউট

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৩:৪০ পিএম
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে যুক্ত হচ্ছে চারটি নতুন ইনস্টিটিউট

শিক্ষা ও গবেষণার পরিধি বাড়াতে চারটি নতুন ইনস্টিটিউট চালু করতে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (কুড়িকৃবি)। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সিন্ডিকেট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, কৃষি গবেষণার পথ প্রশস্ত করতে যে চারটি ইনস্টিটিউট চালুর অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হলো- চর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, ক্লাইমেট চেঞ্জ এন্ড এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, ফ্রেশওয়াটার ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট, ভেজিটেবলস এন্ড ফ্রুটস রিসার্চ ইনস্টিটিউট।

বর্তমানে দুটি ফ্যাকাল্টি নিয়ে একাডেমিক কার্যক্রম চললেও বিশ্ববিদ্যালয়টি ব্যবহারিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। কৃষি গবেষণার জন্য সাউথইস্ট ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে বিশেষ অনুদান প্রদান করেছে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের সাথে কুড়িকৃবির সহযোগিতামূলক কার্যক্রম শুরু হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. রাসেদুল ইসলাম বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের পদক্ষেপের সাথে সামঞ্জস্য রেখে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে দুটি ভাড়া ভবনে কার্যক্রম চললেও আমরা স্থায়ী ক্যাম্পাসের অপেক্ষায় আছি। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সঠিক সময়ে প্রয়োজনীয় অনুদান পেলে এই বিশ্ববিদ্যালয় অচিরেই একটি বিশ্বমানের গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করবে।

সীমিত শিক্ষক ও জনবল নিয়ে কুড়িকৃবি তাদের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নতুন এই ইনস্টিটিউটগুলো চালু হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতি ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর