বালিয়াকান্দিতে সড়কে মাটি ফেলে জনদুর্ভোগ, মোবাইল কোর্টে দুইজনকে জরিমানা

রুবেল হোসেন মিয়া, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৪:৩৩ পিএম
বালিয়াকান্দিতে সড়কে মাটি ফেলে জনদুর্ভোগ, মোবাইল কোর্টে দুইজনকে জরিমানা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা এলাকায় পরিবেশ সংরক্ষণ ও সড়কে শৃঙ্খলা রক্ষায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে এই অভিযানে দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, মাটি পরিবহনের সময় যথাযথ সতর্কতা অবলম্বন না করায় সড়কে কাদামাটি পড়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে মিজানুর রহমান চাঁদ (৫০) ও নজরুল ইসলাম (৪০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ অনুযায়ী তাদের উভয়কে সর্বমোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

জরিমানার পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে সড়ক পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নিয়মবহির্ভূত কাজ থেকে বিরত থাকার জন্য তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এহসানুল হক শিপন জানান, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেএইচআর