নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার স্টোর রুম থেকে ইদ্রিস আলী (৪৩) নামের এক এজিএম (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার) কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে এনায়েতনগর বারৈবুক এলাকায় অবস্থিত ‘ফারিয়া গার্মেন্টস’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইদ্রিস আলী সোনারগাঁও উপজেলার গোয়ালদি এলাকার আবুল কাশেমের ছেলে। ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী হাফিজা বেগম জানান, সাধারণত গার্মেন্টস ছুটি হওয়ার পর অফিসের গাড়িতেই ইদ্রিস আলী বাড়িতে ফিরতেন। সোমবার তিনি বাড়িতে না ফেরায় বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কারখানায় যোগাযোগ করা হলে তখন জানানো হয়েছিল তিনি সেখানে নেই। পরে আজ সকাল ১০টায় কারখানা থেকে খবর আসে যে, তার মরদেহ স্টোর রুমে পাওয়া গেছে।
কারখানার এক শ্রমিক জানান, সকাল ১০টার দিকে স্টোর রুমের ভেতরে ইদ্রিস আলীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে ফতুল্লা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না কি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন