চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় লাটাহাম্বার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আঞ্জুমান আরা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোক্তারপুর ঈদগাহের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের আয়নাল হকের মেয়ে। তিনি চুয়াডাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন এবং এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আঞ্জুমান আরা দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে তার খালার বাড়িতে ছিলেন। বুধবার বিকেলে খালাতো ভাই সাব্বিরের মোটরসাইকেলে চড়ে তিনি সীমান্তবর্তী মুন্সিপুর গ্রামে নানার বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে মোক্তারপুর ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাটাহাম্বারের (স্যালো ইঞ্জিন চালিত যান) সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আঞ্জুমান আরা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই আঞ্জুমান আরার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, দুর্ঘটনার পর ঘাতক লাটাহাম্বারটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে মেধাবী এই ছাত্রীর অকাল মৃত্যুতে তার পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন