মাদারীপুরে হামের ভয়াবহ প্রাদুর্ভাব

আক্রান্ত ৩৬৫ ছাড়াল, প্রাণ গেল এক শিশুর

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৫:২৯ পিএম
আক্রান্ত ৩৬৫ ছাড়াল, প্রাণ গেল এক শিশুর

মাদারীপুর জেলায় হামের প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগের সংক্রমণ ক্রমশ বাড়ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় আক্রান্তের সংখ্যা ৩৬৫ ছাড়িয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য ৩৬ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ৩৬৫ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৪ জন।

পরিস্থিতি মোকাবিলায় এবং আক্রান্ত শিশুদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালে একটি আলাদা বিশেষ ইউনিট খোলা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক সেবা প্রদান করছেন। তবে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ৩৬ জন শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্থানান্তর করা হয়েছে।

সদর উপজেলার মস্তফাপুর এলাকার বাসিন্দা হুমাইরা হঠাৎ কাশি ও বমির পাশাপাশি শরীরে ঘামাচির মতো র‍্যাশে আক্রান্ত হয়। প্রথমে বেসরকারি হাসপাতালে নিলেও পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। চারদিন চিকিৎসার পর শিশুটি এখন কিছুটা সুস্থ।

অন্যদিকে, কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকার ৬ মাসের শিশু সাইমন গত পাঁচদিন ধরে চিকিৎসাধীন। তার নানী আনোয়ার জানান, নিয়মিত টিকা দেওয়ার পরেও শিশুটি আক্রান্ত হওয়ায় তারা বেশ দুশ্চিন্তায় ছিলেন। তবে গত দুই দিনে সাইমনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার, শিশুদের শরীরে হামের কোনো লক্ষণ দেখা দিলে আতঙ্কিত হওয়া যাবে না। দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যোগাযোগ করতে হবে। আক্রান্ত শিশুদের পর্যাপ্ত তরল খাবার ও পুষ্টিকর খাবার দিতে হবে।

তিনি আরও জানান, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে হামের টিকা মজুদ রয়েছে। শিশুদের সঠিক সময়ে টিকা নিশ্চিত করার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

জেএইচআর