চিফ প্রসিকিউটর

সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:২৮ পিএম
সাক্ষীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই

মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী ও আসামিদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এ ধরনের মামলার সাক্ষীদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের উদ্বেগের কারণ নেই।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবীন সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক কর্মশালার আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর জানান, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামিদের নিরাপত্তার দায়িত্ব ট্রাইব্যুনাল নিজেই তদারকি করে থাকে। ফলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কার সুযোগ নেই।

তিনি আরও বলেন, কোনো আসামি কতটা প্রভাবশালী বা তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত-এসব বিবেচনায় নেয় না ট্রাইব্যুনাল। সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গুম, খুন ও ক্রসফায়ারে নিহতদের বিষয়ে করা মামলার তদন্তও ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব তদন্ত সংস্থা রয়েছে এবং দেশের যেকোনো স্থানে সংঘটিত আন্তর্জাতিক অপরাধ তদন্তের আওতায় আনার ক্ষমতা ট্রাইব্যুনালের আছে।

এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার কথাও উল্লেখ করেন। তার ভাষ্য, তদন্ত কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট বাহিনীগুলো আন্তরিকভাবে সহায়তা করছে।

এম জি