লালমনিরহাটে তিস্তায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রকাশিত: মে ১৬, ২০২৬, ০৬:৫৭ পিএম
লালমনিরহাটে তিস্তায় ডুবে দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সলেডি স্পার বাঁধ এলাকায় তিস্তা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলো- লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে কলেজছাত্র সিফাত আহমেদ (১৮) ও নবম শ্রেণির ছাত্র স্বচ্ছ আহমেদ (১৪)। তারা দুই ভাই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে তিস্তা নদীর চরাঞ্চলে অন্যান্য দিনের মতো শনিবারও গ্রামের সহপাঠীদের সঙ্গে খেলতে যায় দুই ভাই সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ। খেলা শেষে স্বচ্ছ আহমেদ তিস্তা নদীতে গোসলে নেমে গভীর পানিতে ডুবে যেতে থাকে। এ সময় ছোট ভাইকে বাঁচাতে নদীতে লাফ দিলে বড় ভাই সিফাত আহমেদও ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডাবলু অধিকারী বলেন, “ছোট ভাই গোসলে নেমে গভীর পানিতে ডুবে যাচ্ছিল। সেই ছোট ভাইকে বাঁচাতে গিয়ে ডুবে মারা যায় বড় ভাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএন