পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, টার্মিনাল ও যানবাহন সংক্রান্ত আধুনিক অনলাইন ডাটাবেস জেলার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস কার্যক্রমের এই উদ্যোগের ফলে যানবাহন সংক্রান্ত সকল তথ্য প্রশাসনের কাছে থাকবে। জেলা পুলিশের এই যুগোপযোগী কার্যক্রমকে আমরা স্বাগত জানাই।
রাঙ্গামাটি জেলা পুলিশের আয়োজনে শনিবার বিকেলে শহরের লেক ভিউ গার্ডেন এলাকায় মূল সড়কের পাশে জেলার অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি থ্রি-হুইলারের ডিজিটাল ডাটাবেস এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এসব কথা বলেন।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ প্রমুখ।
পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পর্যটন শহর রাঙ্গামাটিকে গড়তে সরকারের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হবে। তিনি বলেন, পৌরসভাকে জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে। পর্যটন শহরকে যানজটমুক্ত রাখাসহ শহরকে নিরাপদ রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধনী সভা শেষে শহরের সিএনজি এবং মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার লাগানোসহ চালকদের হেলমেট প্রদান করেন পার্বত্য মন্ত্রী।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন