কাঁচাপাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে খুলনায় পাট গোডাউন ও বেলিং শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার মহানগরীর দৌলতপুরে পাট শ্রমিকেরা সড়ক অবরোধ করে এই বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সামনের রাস্তা (খুলনা-যশোর মহাসড়ক) কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। ফলে যানবাহনগুলো বিকল্প পথে (বাইপাস দিয়ে) চলাচল করতে বাধ্য হয়।
দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকেরা সকাল সাড়ে ১০টায় রেলিগেট মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাঁরা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন। এ সময় উত্তেজিত শ্রমিকদের একটি অংশ ভবনের বাইরে ইটপাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযোগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটে পড়েছে। গত নয় মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকেরা দ্রুত কাঁচা পাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।
অপরদিকে একই সময়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি কার্যত বন্ধ করে দেওয়ার প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির বলেন, রপ্তানি বন্ধ থাকায় খুলনা, নারায়ণগঞ্জ, বৃহত্তর ফরিদপুর ও উত্তরবঙ্গসহ দেশের প্রায় ৪০টি ছোট-বড় জুট প্রেস হাউস বন্ধ রয়েছে। ফলে প্রায় নয় মাস ধরে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে চরম দুর্ভোগে আছেন। একই সঙ্গে ব্যবসা বন্ধ থাকলেও গুদাম ভাড়া, ব্যাংক ঋণের সুদ, বীমা ও শ্রমিক ব্যয়সহ নানা খরচ বহন করতে হওয়ায় প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট বাড়ছে।
তিনি আরও বলেন, কাঁচা পাটকে শর্তযুক্ত রপ্তানি পণ্যের তালিকা থেকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত বুধবার থেকে খুলনার দৌলতপুরে বিজেএ কার্যালয়ের সামনে ধারাবাহিক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন