রংপুরের কাউনিয়ায় চলতি বোরো মৌসুমে সরকারিভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।
উদ্বোধন শেষে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সুলতানা সরদার, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান তমাল, মিল-চাতাল মালিক সমিতির সভাপতি মিনহাজুর রহমান হেনা, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং ওসিএলএসডি দীলিপ চন্দ্র রায়সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, এবার ‘কৃষক অ্যাপ’-এ নিবন্ধিত উপজেলার কৃষকদের মধ্যে লটারির মাধ্যমে ২৫৭ জন চাষিকে নির্বাচন করা হয়েছে। নির্বাচিত প্রত্যেক কৃষকের কাছ থেকে ৩ মেট্রিক টন করে ৩৬ টাকা কেজি দরে মোট ৭৭১ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ ছাড়া চুক্তিবদ্ধ ৩১ জন মিলারের মাধ্যমে ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৩৮৮ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন