কুড়িগ্রাম জেলা পরিষদ থেকে মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অনুদানের চেক বিতরণ

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৭:৫৬ পিএম
কুড়িগ্রাম জেলা পরিষদ থেকে মসজিদ-মাদ্রাসার উন্নয়নে অনুদানের চেক বিতরণ

চলতি অর্থবছরে কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে এডিপি ও রাজস্ব খাতের আর্থিক অনুদানের অংশ হিসেবে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ১ লাখ টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সাথে এলাকার অসহায় ও অস্বচ্ছল নারীদের মাঝেও আর্থিক অনুদান প্রদান করা হয়।

বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।

চেক বিতরণকালে জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং সুবিধাভোগী মসজিদ ও মাদ্রাসার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের মন্ডলপাড়া দাখিল মাদ্রাসা এবং ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের নূর হুদা জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দ প্রশাসকের কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন। চেক হাতে পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ জেলা পরিষদ প্রশাসক ও বর্তমান সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ জানান, মসজিদ-মাদ্রাসা সংস্কার ও উন্নয়নসহ কুড়িগ্রামের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, “জেলা পরিষদের মাধ্যমে আমরা জেলার ৯টি উপজেলাতেই পর্যায়ক্রমে এ ধরনের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক অনুদান দিয়ে আসছি। নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও জেলার সকল উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল রাখতে আমরা সর্বদা সচেষ্ট রয়েছি।”

জেএইচআর